
জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে শিক্ষক ঐক্য জোটের ঘোষণা
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ঐক্য জোট স্বীকৃতিপ্রাপ্ত, অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব মাদ্রাসাকে পর্যায়ক্রমে জাতীয়করণের দাবি জানিয়েছে। রোববার (৩১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ দাবি তোলেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ঐক্য জোটের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম, মহাসচিব মোহাম্মদ তাজুল ইসলাম ফয়াজি এবং ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসার ছাত্রনেতা মোঃ ওমর ফারুক প্রমুখ।
নেতারা বলেন, গত ২৮ জানুয়ারি আন্দোলনের এক পর্যায়ে সরকার আশ্বাস দিয়েছিল যে, পর্যায়ক্রমে সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হবে। মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগ অনুদানভুক্ত ১,৫১৯টি মাদ্রাসাকে এমপিওভুক্ত করার জন্য অনলাইনে আবেদন আহ্বান করে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আবেদন জমা দেয়। কিন্তু যাচাই-বাছাই চূড়ান্ত হলেও এখনো কোনো তালিকা প্রকাশ করা হয়নি। এতে শিক্ষক সমাজ হতাশ হয়ে পড়েছেন।
শিক্ষক ঐক্য জোটের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, "আমাদের দাবি মানা না হলে আগামী ১৪ সেপ্টেম্বর থেকে লাগাতার কর্মসূচি পালন করা হবে।"
দাবিগুলো
সংবাদ সম্মেলনে শিক্ষক ঐক্য জোট যে দাবিগুলো উত্থাপন করে, সেগুলো হলো—১. অনুদানভুক্ত ও অনলাইনে আবেদনকৃত সব প্রতিষ্ঠানের চূড়ান্ত তালিকা দ্রুত প্রকাশ করা।২. স্বীকৃতিপ্রাপ্ত অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে এমপিওভুক্ত করার জন্য জরুরি ভিত্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ।৩. সরকারের পূর্বঘোষিত জাতীয়করণের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন।৪. প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের প্রাথমিক পদে নিয়োগ প্রদান।৫. এসব মাদ্রাসার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ন্যায় পৃথক একটি অধিদপ্তর স্থাপন।
শিক্ষক ঐক্য জোটের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম বলেন, "শিক্ষকরা প্রতিনিয়ত অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছেন। আমরা চাই সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন হোক এবং শিক্ষক সমাজের ন্যায্য দাবি পূরণ করা হোক।"
সংবাদ সম্মেলনে শিক্ষকরা স্পষ্ট করেছেন যে, তাদের দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি চালিয়ে যেতে তারা প্রস্তুত। এ দাবির প্রেক্ষিতে সরকারের অবস্থান কী হবে—সেটিই এখন শিক্ষকমহলসহ সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু।