বিআইডব্লিউটিএ'র কর্মকর্তা দাবি করেছেন, স্বার্থান্বেষী মহল তাঁর সুনাম নষ্ট করতে অপপ্রচার চালাচ্ছে

সম্প্রতি কিছু পত্রিকায় প্রকাশিত প্রকৌশলী সাইদুর রহমান, কর্মকর্তা, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-কে নিয়ে প্রকাশিত সংবাদ বিভ্রান্তিকর, মিথ্যা ও উদ্দেশ্যমূলক বলে দাবি করেছেন তিনি।
প্রকৌশলী সাইদুর রহমান বলেন, তিনি সবসময় সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তাঁর দক্ষতা ও আন্তরিকতার কারণে কর্তৃপক্ষের নিকট স্বীকৃতি অর্জন করেছেন। তবুও একটি স্বার্থান্বেষী মহল তাঁর সুনাম ক্ষুণ্ণ করার জন্য মিথ্যা ও বানোয়াট তথ্য সাংবাদিকদের সরবরাহ করছে।
তিনি অভিযোগ করেন, অফিসারস এসোসিয়েশনের নির্বাচনে তাঁর জনপ্রিয়তা দেখে একটি চক্র অসৎ উদ্দেশ্যে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেয়ায় সেই চক্র ক্ষিপ্ত হয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে।
প্রকৌশলী সাইদুর রহমান বলেন,
"আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি—সত্যকে গোপন করা যায় না। যারা মিথ্যা সংবাদ প্রচার করছে, তাদের উদ্দেশ্য শুধু আমার সুনাম ক্ষুণ্ণ করা।"
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সাধারণ জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, উক্ত সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। একইসঙ্গে তিনি বিভ্রান্তিকর সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানান।

ঘটনাটি প্রমাণ করছে, প্রশাসনিক সততা বজায় রেখে কাজ করলে অনেক সময় স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার হতে হয়। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে তদন্ত করে প্রকৃত তথ্য জনসম্মুখে আনে কি না।