স্টাফ রিপোর্টার:

রাজধানীর মতিঝিল এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি, হামলা ও দোকানপাট ভাঙচুরের অভিযোগ উঠেছে একটি কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। ভুক্তভোগী এক ব্যবসায়ীর অভিযোগ, তাঁকে তুলে নিয়ে স্থানীয় একটি ক্লাবে শারীরিক নির্যাতন করা হয়। এ ঘটনায় কিশোর গ্যাংয়ের প্রধান হিসেবে অভিযুক্ত জাহিদ হাসান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি। তাঁর দাবি, পরে ২০ হাজার টাকা আদায়ের পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।

গতকাল শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ী শহিদুল ইসলাম ওরফে মুন্না। এ সময় উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী রূপা বেগম, ছোট ভাই মো. শুভসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুন্না জানান, দীর্ঘদিন ধরে তিনি মতিঝিল ক্লাবপাড়া এলাকায় ভাতের হোটেলের ব্যবসা করে আসছিলেন। তাঁর অভিযোগ, সাত থেকে আট মাস আগে মতিঝিল এলাকার কিশোর গ্যাংয়ের প্রধান হিসেবে পরিচিত জাহিদ হাসান, ইমুন, আজমির, রানা, মাজেদ ও পানি বাবুসহ ১৫ থেকে ২০ জনের একটি দল তাঁর হোটেলে এসে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় তারা তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালায় এবং দোকানের ক্যাশবাক্স ভেঙে ২০ হাজার টাকা নিয়ে যায় বলে তিনি অভিযোগ করেন।

এ ঘটনায় মুন্না বাদী হয়ে মতিঝিল থানায় চাঁদাবাজির মামলা করেন। ওই মামলায় পুলিশ জাহিদ হাসানকে গ্রেপ্তার করে বলে জানান তিনি। মুন্নার ভাষ্য অনুযায়ী, প্রায় চার মাস কারাভোগের পর গত সেপ্টেম্বর মাসে জামিনে মুক্তি পেয়ে জাহিদ হাসান আবারও গ্যাংয়ের সদস্যদের নিয়ে তাঁর দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালান। এ ঘটনায় তিনি মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানান।

সংবাদ সম্মেলনে মুন্না আরও অভিযোগ করেন, একটি বিশেষ রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মতিঝিল এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছেন। তাঁদের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না বলেও দাবি করেন তিনি। এমন পরিস্থিতিতে ইতোমধ্যে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন বলে জানান এই ব্যবসায়ী।

অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে লিখিত অভিযোগ দিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানান মুন্না।