ফ্যাসিস্ট আমলে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত, ক্যাসিনো কেলেঙ্কারির পর টাঙ্গাইল-১ আসনের ভোটাররা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন

আমেরিকার ফক্সউড ক্যাসিনোতে জুয়া খেলার সময়কার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন, যিনি স্বপন ফকির নামেই বেশি পরিচিত।
সম্প্রতি টাঙ্গাইল-২ আসনের আওয়ামী লীগের বিতর্কিত সংসদ সদস্য 'ছোট মনির'কে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে অতিথির আসনে বসতে দেখা যায় স্বপন ফকিরকে। শুধু তাই নয়, অনুষ্ঠানে ছোট মনিরকে ক্রেস্ট প্রদান করেন তিনি। সেই ছবিগুলো কিছুদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
এছাড়া, আরও একাধিক ছবি ও ভিডিওতে তাকে আওয়ামী লীগকে ধন্যবাদ জানাতে দেখা গেছে। ভাইরাল হওয়া আরেকটি স্থিরচিত্রে দেখা যায়, ভুয়াপুরের তৎকালীন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আব্দুল হালিমের পাশে বসে আছেন তিনি। ভুয়াপুর শহরে শেখ মুজিবুর রহমান ও অন্যান্য আওয়ামী নেতাদের ছবির পাশে নিজস্ব ছবি সম্বলিত ফেস্টুন ও ব্যানার টানিয়ে তিনি ফ্যাসিস্ট সরকারের আমলে নিজেকে নিরাপদ রেখেছিলেন বলে অভিযোগ উঠেছে।
তারপরও, সাম্প্রতিক সময়ে আমেরিকার ফক্সউড ক্যাসিনোতে জুয়া খেলার ছবি ভাইরাল হওয়ায় তার রাজনৈতিক অবস্থান আরও প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।
টাঙ্গাইল-১ (মধুপুর–ধনবাড়ী) আসনের সাধারণ ভোটাররা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন। তাদের অভিযোগ, স্বপন ফকির আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নেই বেশি আগ্রহী। বিএনপি হাইকমান্ড থেকে তার বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা না নেয়ায় তারা হতাশা প্রকাশ করেছেন।
একজন নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় নেতা বলেন, "স্বপন ফকির মূলত আওয়ামী এজেন্ডা বাস্তবায়নের জন্যই বিএনপির মনোনয়ন চাইছেন। আওয়ামী লীগের মতো যদি বিএনপিও তার মতো ব্যক্তিকে প্রার্থী করে, তবে মানুষ বিএনপি থেকেও মুখ ফিরিয়ে নেবে।"
উল্লেখ্য, ভুয়াপুর উপজেলায় জন্ম হলেও স্বপন ফকির বর্তমানে টাঙ্গাইল-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। শুরু থেকেই তার প্রতি স্থানীয়দের আস্থার সংকট ছিল। সাম্প্রতিক ভাইরাল হওয়া ছবি ও ভিডিওগুলো সেই অবিশ্বাস আরও গভীর করেছে।
অভিযোগ রয়েছে, মধুপুর–ধনবাড়ীতে তার ঘনিষ্ঠদের মাধ্যমে রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হলেও তাদের সবার বিরুদ্ধেই রয়েছে চাঁদাবাজির একাধিক অভিযোগ।